ফল ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নিয়েছিলো প/র্নো/গ্রা/ফি নির্মাণে জড়িত যুগল

Oct 20, 2025 - 16:57
 0  12
ফল ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নিয়েছিলো প/র্নো/গ্রা/ফি নির্মাণে জড়িত যুগল

মেঘনাবার্তা প্রতিনিধি: বান্দরবান শহরে ফল ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে পর্নোগ্রাফি ভিডিও নির্মাণ ও প্রচারের অভিযোগে এক যুগলকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে বান্দরবান পৌরসভার রোয়াংছড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। দুজনের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়।

জানা গেছে, ওই যুগল দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে নিয়মিত অর্থ উপার্জন করছিলেন। বিষয়টি একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে তারা বান্দরবানে পালিয়ে গিয়ে ফল ব্যবসায়ী পরিচয়ে নতুন করে বাসা ভাড়া নেন এবং সেখান থেকে একই কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। তারা আরও কয়েকজনকে এই কাজে যুক্ত করার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বিশেষ অভিযানে ওই বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ভবনটির ম্যানেজার বলেন, ‘চলতি মাসের ১৩ তারিখে ফল ব্যবসায়ী পরিচয়ে ১০ হাজার টাকায় তারা ভবনের পাঁচ তলার একটি কক্ষ ভাড়া নেন। নিয়ম অনুযায়ী আইডি কার্ডও জমা দিয়েছিলেন। বাসা থেকে তারা হেলমেট পরে বের হতেন—আমরা কখনো সন্দেহ করিনি।’

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, ‘পর্নোগ্রাফি ভিডিও নির্মাণ ও প্রচারের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রাতেই তাদের চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ২৫ আগস্ট চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশ মাদক মামলায় এই যুবককে গ্রেফতার করেছিল। পরে তিনি জামিনে মুক্তি পান।

এমবি/এসআর