ব্যস্ত সময় পার করছেন যশোরের গাছিরা
শেষ রাতের হালকা ঠান্ডা হাওয়া জানিয়ে দিচ্ছে শীত আসছে দরজায়।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
শেষ রাতের হালকা ঠান্ডা হাওয়া জানিয়ে দিচ্ছে শীত আসছে দরজায়। এরই মধ্যে যশোরের গাছিরা ব্যস্ত হয়ে পড়েছেন খেজুর রস সংগ্রহের প্রস্তুতিতে। কেউ গাছ পরিষ্কার করছেন, কেউ আবার ছাঁটাই করছেন রস সংগ্রহের উপযোগী করে।
সরেজমিনে যশোরের পাতিবিলা, নিয়ামতপুর, হায়াতপুর, স্বরুপদাহ ও সিংহঝুলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে দেখা গেছে—গাছিরা খেজুরগাছে উঠে রসের হাঁড়ি ঝোলানোর প্রস্তুতি নিচ্ছেন।
গাছি আব্দুল গাজী, আব্দুল মান্নান ও মারুফ বলেন, “মৌসুমের শুরুতেই রস পাওয়ার জন্য গাছ প্রস্তুত করছি। চলতি মাসের শেষ দিকেই রস সংগ্রহ ও গুড়-পাটালি তৈরি শুরু হবে।”
আরেক গাছি মামুন বলেন, “সবকিছুর দাম বেড়ে গেছে। পরিবার চালানোই এখন কষ্ট। গুড় বানাতে কাঠ লাগে, তাতে খরচও অনেক বেড়ে গেছে।”
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, যশোর জেলায় প্রায় ১৬ লাখ ৪০ হাজার খেজুরগাছ রয়েছে, যার মধ্যে ৩ লাখ ৪৯ হাজার গাছ থেকে রস সংগ্রহ করা হয়।
চৌগাছা উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইন বলেন, “দেশের অধিকাংশ অঞ্চলে খেজুরগাছ বিলুপ্তির পথে। তাই গাছিদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, উঠান বৈঠক ও গাছি সমাবেশ করা হচ্ছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন জাহান জানান, “খেজুর রস ও গুড়ের মান ঠিক রাখতে গাছিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যারা এখনো এ পেশায় আছেন, তাদের অনুদান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।”
এদিকে সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা শামীমুর রহমান জানান, “সরকারি প্রকল্পের আওতায় গাছিদের মধ্যে হাঁড়ি-ছুরি বিতরণ করা হয়েছে, যাতে তারা নিরাপদভাবে রস সংগ্রহ করতে পারেন।”
এমবি/টিআই

