কেন্দুয়ায় হাত-পা-মুখ বাঁধা অবস্থায় ছাত্রদল নেতা উদ্ধার
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় হাত-পা-মুখ বাঁধা অবস্থায় জাহাঙ্গীর আলম দিদার (২৮) নামে এক ছাত্রদল নেতাকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় হাত-পা-মুখ বাঁধা অবস্থায় জাহাঙ্গীর আলম দিদার (২৮) নামে এক ছাত্রদল নেতাকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কেন্দুয়া-আঠারবাড়ী সড়কের বড় কালিয়ান এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহত দিদার ওই ইউনিয়নের মরিচপুর গ্রামের আজু মিয়ার ছেলে এবং ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের কালিয়ান এলাকায় বাদল ভূঞার ইটখোলার পাশে দিদারকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অচেতন অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে দ্রুত তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাত ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে অবজারভেশনে রাখেন।
আহত দিদারের চাচাতো ভাই হাসান বলেন, “ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে বিরোধী পক্ষের কয়েকজন আগে থেকেই দিদারকে হত্যার হুমকি দিয়ে আসছিল। দলীয় কোন্দল বা পূর্বশত্রুতার জের ধরে এ হামলা হতে পারে।”
ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মোহাম্মদ তমজিদ বলেন, “আগামী বৃহস্পতিবার ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ার কথা। সভা বানচাল করার জন্য একটি পক্ষ এই ঘটনা ঘটাতে পারে বলে আমার ধারণা। এটি একটি ষড়যন্ত্রের অংশ বলেই মনে হচ্ছে।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, “ঘটনাটি শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত দিদার এখনো হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালেও পুলিশ মোতায়েন রয়েছে। এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এমবি/টিআই

