ভৈরবে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় হাইওয়ে থানার কনস্টেবল নাজমুল হক (২৮) নিহত হয়েছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় হাইওয়ে থানার কনস্টেবল নাজমুল হক (২৮) নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হক কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার চরমান্দার কান্দি এলাকার রাজু মিয়ার ছেলে। তিনি ২০২৪ সালের ৪ অক্টোবর টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানা থেকে ভৈরব হাইওয়ে থানায় যোগ দেন। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত, স্ত্রী ও দুই বছর বয়সী এক পুত্রসন্তান রয়েছে।
ঘটনার সময় নাজমুলসহ ভৈরব হাইওয়ে থানার এএসআই বিল্লাল হোসেন, আনিসুর রহমান ও শাহ আহসান হাবিব রাত্রীকালীন দায়িত্বে ছিলেন। দায়িত্ব পালনের একপর্যায়ে নাজমুল এক ট্রাকচালকের সঙ্গে কথা বলার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত ট্রাক পুলিশের পিকআপভ্যানের ডান পাশে ধাক্কা দেয়। এতে ভ্যানটি রাস্তার পাশে পড়ে যায় এবং নাজমুল গুরুতর আহত হন।
সহকর্মীরা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুর রহমান জানান, দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কনস্টেবল নাজমুল হক মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমবি/টিআই

