কিশোরগঞ্জের রাব্বি, মাইক ভাড়া করে গালাগালেই মিলল সৌদি যাওয়ার টাকা
মেঘনাবার্তা প্রতিনিধি: মাইক ভাড়া করে রাস্তায় ঘুরে অশালীন ভাষায় ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি—আর সেই ঘটনাই এখন যেন আশীর্বাদ হয়ে এসেছে রাব্বির জীবনে। ভাইরাল ভিডিওর পর প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে দুই লাখ টাকা ঋণ পেয়ে অবশেষে বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে তার। আগামী বৃহস্পতিবার সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবেন রাব্বি।
রাব্বি জানান, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে চেক হাতে পাওয়ার পর তিনি নিজের ফেসবুকে লিখেছেন, “অবশেষে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে দুই লাখ টাকা পেয়েছি। সবাইকে ধন্যবাদ—আপনাদের সাপোর্ট না থাকলে আমি হয়তো এই টাকা পেতাম না।”
গত ১৭ অক্টোবর ক্ষোভ ও হতাশা থেকে রাব্বি ৫০০ টাকায় মাইক ভাড়া করে অটোরিকশায় ঘুরে ঘুরে এলাকাবাসীকে গালমন্দ করেন। কারণ, তিনি পাসপোর্ট ও ভিসা থাকা সত্ত্বেও ঋণের টাকা না পাওয়ায় বিদেশে যেতে পারছিলেন না। এলাকাবাসীর ‘ঋণ পরিশোধে অযোগ্য’ এমন অপপ্রচারে তিনি আরও হতাশ হয়ে পড়েন এবং সেই দুঃখ থেকেই এমন অদ্ভুত কাণ্ড ঘটান।
রাব্বির সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। প্রথমে অনেকে বিষয়টি নিয়ে হাসিঠাট্টা করলেও পরে অনেকে তার কষ্টের বাস্তবতা বুঝে সহানুভূতি প্রকাশ করেন। শেষ পর্যন্ত প্রবাসী কল্যাণ ব্যাংকের সহায়তায় রাব্বির স্বপ্নপূরণের পথ খুলে যায়।
ভিডিওর ঘটনাটি নিয়ে এখন নিজেও অনুতপ্ত রাব্বি। তিনি বলেন, “ক্ষোভের মাথায় যা বলেছি, তা ঠিক হয়নি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন ভালোভাবে বিদেশে গিয়ে কাজ করতে পারি।”
এমবি/এসআর

