১৬ বছরে দেশের শিক্ষার মান বাড়েনি : চসিক মেয়র
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, গত ১৬ বছরে দেশে শিক্ষার হার কাগজে-কলমে বেড়েছে, কিন্তু শিক্ষার মান বাড়েনি। এর ফলে বিপুলসংখ্যক উচ্চশিক্ষিত তরুণ আজ বেকারত্বে ভুগছে। তাই শিক্ষার মান উন্নয়ন ও কর্মমুখী শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, গত ১৬ বছরে দেশে শিক্ষার হার কাগজে-কলমে বেড়েছে, কিন্তু শিক্ষার মান বাড়েনি। এর ফলে বিপুলসংখ্যক উচ্চশিক্ষিত তরুণ আজ বেকারত্বে ভুগছে। তাই শিক্ষার মান উন্নয়ন ও কর্মমুখী শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপমহাদেশে অবৈতনিক প্রাথমিক শিক্ষার প্রবক্তা ও চট্টগ্রাম পৌরসভার সাবেক চেয়ারম্যান নুর আহমদ চেয়ারম্যানের ৬১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জেয়ারত ও পুষ্পমাল্য অর্পণের পর আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মেয়র শাহাদাত হোসেন।
তিনি বলেন, “শিক্ষার মানোন্নয়ন ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। বিদেশে যেসব প্রবাসী যাচ্ছেন, তাদেরও দক্ষতা বাড়াতে হবে, যাতে তারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারেন।”
চসিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরও বলেন, “নুর আহমদ চেয়ারম্যান ৩৩ বছর পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে অবৈতনিক প্রাথমিক শিক্ষার প্রবর্তনের মাধ্যমে সমাজে এক নবদিগন্তের সূচনা করেছিলেন। তার অবদান চট্টগ্রামসহ সারা দেশে এখনো স্মরণীয়।”
নগরীর শিক্ষাখাতের উন্নয়নে চসিকের ভূমিকা তুলে ধরে মেয়র বলেন, “বাংলাদেশের সিটি করপোরেশনগুলোর মধ্যে একমাত্র চসিকই শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক বিনিয়োগ করে থাকে। বর্তমানে চসিকের ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৬৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রতি মাসে শিক্ষা খাতে ছয় থেকে আট কোটি টাকা ব্যয় হয়, যা আমি ব্যয় নয়, বিনিয়োগ হিসেবে দেখি।”
তিনি আরও জানান, নুর আহমদ চেয়ারম্যানের অবদানকে স্মরণীয় রাখতে নগরীতে তার নামে একটি গোলচত্বর নির্মাণ করা হবে।
সভায় নুর আহমদ চেয়ারম্যানের স্মৃতিচারণ করেন তার দৌহিত্র এস এম সালাউদ্দীন। এছাড়া উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা এবং নূর আহমদের আরেক দৌহিত্র এস এম নাসিরুদ্দিন আল মামুনসহ চসিকের বিভিন্ন কর্মকর্তা।
এমবি এইচআর

