উত্তরা-মতিঝিল রুটে পুরোদমে চালু মেট্রো চলাচল
মেঘনাবার্তা প্রতিনিধি: রাজধানীর ফার্মগেটে বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহতের ঘটনায় প্রায় ২২ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে পরিদর্শন ও নিরাপত্তা যাচাই শেষে বেলা ১১টার দিকে পূর্ণাঙ্গভাবে মেট্রো সেবা চালু করা হয়।
ডিএমটিসিএল (ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড) এক বিজ্ঞপ্তিতে জানায়, “উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হয়েছে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
এর আগে রোববার দুপুরে ফার্মগেট এলাকায় একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে পথচারী আবুল কালাম নিহত হন। দুর্ঘটনার পরই পুরো রুটে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
পরে ধাপে ধাপে বিকেল ৩টার দিকে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রো চলাচল চালু করা হয় এবং সন্ধ্যা সোয়া ৭টায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত সেবা ফের শুরু হয়। তবে নিরাপত্তা পর্যালোচনা সম্পন্ন না হওয়ায় পুরো রুটে সেবা বন্ধ ছিল রোববার রাত পর্যন্ত।
পরিস্থিতি পর্যালোচনায় সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রেল উপদেষ্টা ও প্রকৌশল কর্মকর্তারা। তদন্ত কমিটি গঠন ও নিরাপত্তা যাচাই শেষে সবুজ সংকেত পেলে বেলা ১১টা থেকে পুরো রুটে আবারও যাত্রী পরিবহন শুরু হয়।
এমবি/এসআর

