‘অপহরণ নাটক’ ফাঁস, নিজেই পায়ে শিকল বেঁধেছিলেন মুফতি মুহিব্বুল্লাহ

Oct 28, 2025 - 10:31
 0  4
‘অপহরণ নাটক’ ফাঁস, নিজেই পায়ে শিকল বেঁধেছিলেন মুফতি মুহিব্বুল্লাহ

মেঘনাবার্তা প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী নিজেই অপহরণের নাটক সাজিয়েছিলেন। তদন্তে জানা গেছে, তিনি নিজেই নিজের পায়ে শিকল লাগিয়ে পঞ্চগড়ে পড়ে ছিলেন। তাকে কেউ অপহরণ করেনি বলে জানিয়েছেন তদন্তে যুক্ত পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

মুহিব্বুল্লাহ মাদানী নামে পরিচিত এই খতিব গত ২২ অক্টোবর দাবি করেছিলেন, সকালে টঙ্গীর শিলমুন এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশন থেকে তাকে অ্যাম্বুল্যান্সে তুলে অপহরণ করা হয়। পরদিন পঞ্চগড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়ার কথাও তিনি নিজেই সংবাদমাধ্যমে জানান।

তবে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের প্রকাশিত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ঘটনার সময় তিনি একাই হেঁটে যাচ্ছিলেন। সকাল ৬টা ৫২ মিনিটে ঘর থেকে বের হয়ে তিনি টঙ্গী-কালীগঞ্জ সড়কে হেঁটে যান এবং ৭টা ১৮ মিনিটে ফিলিং স্টেশনের সামনে পৌঁছান। সেখানে কোনো অ্যাম্বুল্যান্স বা অপহরণের দৃশ্য দেখা যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময়ের সব ফুটেজ পর্যালোচনা করে অপহরণের কোনো প্রমাণ মেলেনি। এমনকি মসজিদ ও বাসার আশপাশের চারটি সিসিটিভি ক্যামেরাতেও কোনো সন্দেহজনক গতিবিধি ধরা পড়েনি।

পরে জিজ্ঞাসাবাদে মুফতি মুহিব্বুল্লাহ স্বীকার করেছেন, তিনি নিজেই পঞ্চগড়ে গিয়েছিলেন। এক পর্যায়ে মানসিক বিভ্রান্তিতে পড়ে একটি শিকল কুড়িয়ে নিজেই পায়ে বেঁধে ফেলেন এবং ঠাণ্ডায় সেখানে শুয়ে পড়েন।

এমবি/এসআর