‘মেয়ে ভেবে’ মাকে তুলে নিয়ে ধর্ষণ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাড়ি থেকে তুলে নিয়ে ধানক্ষেতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাড়ি থেকে তুলে নিয়ে ধানক্ষেতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সোমবার (২৭ অক্টোবর) রাতে ত্রিশাল থানায় মামলা করেছেন। অভিযুক্ত আকমল হোসেন (৩৮) স্থানীয় একটি কোম্পানিতে কর্মরত। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর ভোরে গৃহবধূ টয়লেট থেকে বের হওয়ার সময় পেছন থেকে মুখ চেপে ধরে তাকে ধানক্ষেতে নিয়ে যায় আকমল। সেখানে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে স্বামী ও প্রতিবেশীরা ছুটে আসেন, তবে ততক্ষণে অভিযুক্ত পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, গৃহবধূর স্বামী দিনমজুর এবং তাদের দুটি সন্তান রয়েছে। আকমল এলাকায় প্রভাবশালী পরিবারের সদস্য এবং মাস দুয়েক ধরে গৃহবধূর সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করছিল। স্থানীয়দের দাবি, এমন ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
ভুক্তভোগীর ছোট ভাই জানান, ঘটনার পর তাদের পরিবার ভয়ে থানায় যেতে পারেনি। অভিযুক্তের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছিল। পরে সাহস করে থানায় গিয়ে মামলা দায়ের করা হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, “অভিযুক্ত আকমল হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
এমবি/টিআই

