ফেসবুকে হ্যাঁ-না পোস্টের প্রতিযোগিতা, গণভোট ইস্যুতে উত্তাল সোশ্যাল মিডিয়া
মেঘনাবার্তা প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হয়েছে হ্যাঁ-না পোস্টের এক অনলাইন প্রতিযোগিতা। গণভোট ইস্যুকে ঘিরে এই নতুন ট্রেন্ডে সরগরম হয়ে উঠেছে নিউজফিড। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১২টার পর থেকেই হ্যাঁ ও না লেখা বিভিন্ন ছবি ছড়িয়ে পড়ছে ফেসবুকে, তবে বেশিরভাগ পোস্টেই উল্লেখ নেই এর পেছনের কারণ।
রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু এখন গণভোট। জানা গেছে, গণভোটের প্রশ্নে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে। বিএনপি সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের দাবি জানালেও, জামায়াতে ইসলামী চাইছে নভেম্বরে গণভোট। অন্যদিকে এনসিপি সংসদ নির্বাচনের আগেই গণভোটের দাবি তুলেছে।
এই মতভেদই ফেসবুকে “হ্যাঁ” ও “না” প্রচারণাকে আরও তীব্র করে তুলেছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নিজের প্রোফাইলে ‘না’ পোস্ট দিয়েছেন, অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেজে ‘হ্যাঁ’ পোস্ট প্রকাশিত হয়েছে।
এরই মধ্যে জাতীয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে। কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে এবং দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার আহ্বান জানানো হয়েছে।
এমবি/এসআর

