নারায়ণগঞ্জে ২ গ্রামের সংঘর্ষে আহত ৩, ওসির গাড়ি ভাঙচুর
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের উচিৎপুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা থানার ওসির সরকারি ডাবল কেবিন পিকআপ গাড়ি ভাঙচুর করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য নিয়ে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মর্দাসাদি গ্রামের সঙ্গে উচিৎপুরা ও আগুয়ান্দি গ্রামের মানুষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
ঘটনার দিন বিকেলে মর্দাসাদি গ্রামের নোয়াব আলী, আক্তার ও জলিলসহ কয়েকজন সিএনজিচালিত অটোরিকশাযোগে উচিৎপুরা বাজারে গিয়ে স্থানীয় নুরু মিয়াকে (৪৫) কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা নুরু মিয়াকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনার পর নুরু মিয়ার সমর্থক উচিৎপুরা, আগুয়ান্দি ও গহরদী গ্রামের প্রায় দুই শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উচিৎপুরা বাজারে জড়ো হন। উত্তেজনা ছড়িয়ে পড়লে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
তবে পুলিশের নির্দেশ অমান্য করে উত্তেজিত জনতা হামলা চালালে ওসির সরকারি পিকআপ গাড়ি ভাঙচুর করা হয়।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুদ্দিন বলেন, “পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এমবি/টিআই

