পদ্মাপাড়ে বুদ্বুদ, বালুর ওপর জ্বলছে আগুন
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী ঠাকুরঘাট এলাকায় পদ্মা নদীর পাড়ে অর্ধশতাধিক স্থানে বুদ্বুদ উঠছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী ঠাকুরঘাট এলাকায় পদ্মা নদীর পাড়ে অর্ধশতাধিক স্থানে বুদ্বুদ উঠছে। নদীর পানির নিচ ও বালুর ওপর থেকে নিরবচ্ছিন্নভাবে এই বুদ্বুদ বের হচ্ছে। স্থানীয়রা কৌতূহলবশত আগুন জ্বেলে দেখেছেন, বালুর ওপর আগুন জ্বলছে। ধারণা করা হচ্ছে, এটি গ্যাস নির্গমনের ফল হতে পারে।
গত মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল থেকে এ ঘটনা দেখতে পান স্থানীয়রা। এরপর রাতভর ও পরদিন সকাল থেকে আশপাশের গ্রামের শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিনভরও সেখানে মানুষের উপস্থিতি দেখা যায়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদ ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল পাঠান। তারা এলাকা পরিদর্শন করে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
স্থানীয় বাসিন্দা মো. শিহাব বলেন, “কয়েকদিন আগে এই স্থানের কাছেই নৌকাডুবিতে তিনজনের মৃত্যু হয়। তখন ডুবুরিরা বলেছিলেন, পানিতে নামলে মনে হচ্ছিল তারা ওপরের দিকে উঠে যাচ্ছেন। এখন ধারণা করা হচ্ছে, সেটি গ্যাস নির্গমনের চাপের কারণেই হয়েছিল।”
বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নদীর পানি ও বালুর নিচ থেকে নিয়মিত বুদ্বুদ উঠছে। কিছু স্থানে গ্যাসের মতো শব্দও শোনা যাচ্ছে। স্থানীয় বাসিন্দা পিয়াস উদ্দিন বলেন, “কয়েকদিন ধরে পানি কমছে। মঙ্গলবার থেকে এই বুদ্বুদ দেখা যাচ্ছে। এরপর থেকেই মানুষ ভিড় করছে। অনেকে আগুন জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি যাচাই করছেন।”
গোদাগাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জমির উদ্দিন বলেন, “নদীর পাড়ে অসংখ্য বুদ্বুদ উঠছে। এটি গ্যাসের কারণে হচ্ছে কি না, এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদ বলেন, “প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্র থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসকে পাঠানো হয়েছে। তারা একটি প্রতিবেদন দেবে। গ্যাসের উপস্থিতি আছে কি না, তা পরীক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”
এমবি/টিআই

