কোটি টাকার পণ্য আত্মসাতের চেষ্টা, মালিকের ভাইসহ গ্রেপ্তার ৩

ইউরোপে রপ্তানির জন্য বরিশাল থেকে পাঠানো ফরচুন সুজ লিমিটেডের কোটি টাকার জুতা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিকের ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Nov 1, 2025 - 11:29
 0  2
কোটি টাকার পণ্য আত্মসাতের চেষ্টা, মালিকের ভাইসহ গ্রেপ্তার ৩

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ইউরোপে রপ্তানির জন্য বরিশাল থেকে পাঠানো ফরচুন সুজ লিমিটেডের কোটি টাকার জুতা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিকের ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড ও ঢাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় দুটি কাভার্ডভ্যান থেকে ১০ হাজার ৮১২ জোড়া জুতা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন ফরচুন সু গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানের ছোট ভাই রবিউল ইসলাম (৪০), বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজকর খানবাড়ির আব্দুর রব খানের ছেলে জামাল হোসেন (২৯) এবং ঝিনাইদহ সদরের চোরকোল গ্রামের শুক্কুর আলীর ছেলে মো. শান্ত (২৬)। জামাল ও শান্ত কাভার্ডভ্যান চালক হিসেবে কাজ করতেন।

ঘটনা সম্পর্কে ফরচুন সুজ লিমিটেডের সিনিয়র হিসাব কর্মকর্তা জাহিদ হাসান কাউনিয়া থানায় মামলা করেছেন। মামলায় উল্লেখ করা হয়, নেদারল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানির উদ্দেশ্যে বরিশালের কাউনিয়া বিসিক শিল্পাঞ্চল থেকে জুতাবোঝাই দুটি কাভার্ডভ্যান গত ২৭ অক্টোবর রাতে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়।

কাভার্ডভ্যান দুটি ভাড়া করেছিলেন চেয়ারম্যানের ভাই রবিউল ইসলাম। তবে নির্ধারিত সময়ের মধ্যে ট্রাক দুটি বন্দরে না পৌঁছানোয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ চালকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেননি।

পরিস্থিতি সন্দেহজনক মনে হলে ২৯ অক্টোবর বরিশাল এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়। এরপর বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ও সীতাকুণ্ড থানা পুলিশের যৌথ অভিযানে বৃহস্পতিবার গভীর রাতে কাভার্ডভ্যানসহ জুতা উদ্ধার এবং দুই চালককে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিউল ইসলামকে পরে ঢাকা থেকে আটক করা হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, রবিউল ইসলামের নির্দেশেই চালকরা জুতা আত্মসাতের পরিকল্পনা করেছিল। গ্রেপ্তারকৃতদের শুক্রবার বিকেলে বরিশালে আনা হয়েছে। শনিবার সকালে আদালতে সোপর্দ করা হবে। ঘটনায় আর কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এমবি/টিআই