ফের সাভারে তরুণীকে ধর্ষণের অভিযোগ
সাভারে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সাভারে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দেলোয়ার হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ফেসবুকে দেলোয়ারের সঙ্গে ভুক্তভোগী তরুণীর পরিচয় হয়। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তরুণী বিদেশে যাওয়ার আগ্রহ প্রকাশ করলে দেলোয়ার তার মায়ের মাধ্যমে বিদেশে পাঠানোর আশ্বাস দেয়। গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে দেলোয়ার তার মা ও বন্ধু অন্তরকে নিয়ে তরুণীর বাসায় যায়। কিছুক্ষণ কথাবার্তার পর দেলোয়ারের মা চলে গেলেও দেলোয়ার ও অন্তর সেখানে অবস্থান করে। পরে সুযোগ বুঝে তারা ওই তরুণীকে একা পেয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরদিন শুক্রবার দুপুরে তরুণী সাভার মডেল থানায় অভিযোগ করলে পুলিশ রাতে মামলা নেয়।
সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম সবুজ বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর বিকেলে অভিযুক্ত দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিকে ধরতে অভিযান চলছে।”
পুলিশ জানায়, এর আগেও গত ১৪ অক্টোবর সাভারে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এমবি/টিআই

