বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ, অতঃপর...
বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রামে বোমা তৈরির সময় বিস্ফোরণে আতাউর রহমান সেলিম নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রামে বোমা তৈরির সময় বিস্ফোরণে আতাউর রহমান সেলিম নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার (০২ নভেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে।
আহত সেলিম কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর এলাকার বাদশা মিয়ার ছেলে। বিস্ফোরণের পর স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।
স্থানীয়দের মতে, সেলিম ওই গ্রামে মাদক ব্যবসায়ী মুক্তার হোসেনের বাড়িতে অবস্থান করছিলেন। সেখানে বিস্ফোরক তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। ঘটনায় বাড়ির ভেতরের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর মুক্তারসহ কয়েকজন সহযোগী পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরকের আলামত সংগ্রহ করেছে এবং বাড়িটি সিলগালা করেছে। এ ঘটনায় পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্তে অভিযান চলছে। সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে এবং বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।
এমবি/টিআই

