কুষ্টিয়ার আলোচিত জোড়া খুনের মূলহোতাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার
কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় আলোচিত মণ্ডল গ্রুপের সর্দার সোহেল মণ্ডলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় আলোচিত মণ্ডল গ্রুপের সর্দার সোহেল মণ্ডলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে র্যাবের সদর কোম্পানির একটি দল ফতুল্লা থানার কাশিপুর দেওয়ানবাড়ি কবরস্থান এলাকা থেকে বিশেষ অভিযানে তাকে আটক করে।
গ্রেপ্তার সোহেল মণ্ডল (৪০) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামের নওয়াব মণ্ডলের ছেলে। দৌলতপুর থানায় দায়ের করা জোড়া খুন মামলায় তিনি দুই নম্বর আসামি ছিলেন। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে নারায়ণগঞ্জে অবস্থান করছিলেন।
গত ৯ সেপ্টেম্বর রাতে দৌলতপুরের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে স্থানীয় আধিপত্য নিয়ে বায়জীদ সরদার ও সোহেল মণ্ডল গ্রুপের মধ্যে সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে দুইজন নিহত হন—সারফান সরদার (৩৫) ঘটনাস্থলেই মারা যান এবং বায়জীদ সরদার (৪৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ওই ঘটনায় আরও পাঁচজন আহত হন।
র্যাবের প্রাথমিক তথ্য অনুযায়ী, সংঘর্ষের পর সোহেল মণ্ডল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এমবি/টিআই

