নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১, আহত ২
নারায়ণগঞ্জের ফতুল্লায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মো. আ. সালাম (৬৫) নামে এক স্বর্ণকার নিহত হয়েছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মো. আ. সালাম (৬৫) নামে এক স্বর্ণকার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই পথচারী।
বুধবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁনমারি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত সালাম পূর্ব ইসদাইর এলাকার মানু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সালাম রাতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। একই মোটরসাইকেলের ধাক্কায় আরও দুইজন গুরুতর আহত হন। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. আফতাব আলী জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন এবং মোটরসাইকেল চালককে শনাক্তের চেষ্টা চলছে।”
এমবি/টিআই

