মুক্তিযোদ্ধা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মৃত্যু

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। বৃহস্পতিবার বিকেলে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

Nov 7, 2025 - 12:17
 0  3
মুক্তিযোদ্ধা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মৃত্যু
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। বৃহস্পতিবার বিকেলে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। গত দুই সপ্তাহ ধরে বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডির বাসার সামনে জানাজা শেষে তাঁর লাশ বনানী কবরস্থানে দাফন করা হবে।

কর্মজীবন ও অবদান

দিনাজপুর-৪ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন আবুল হাসান মাহমুদ আলী। তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের নভেম্বর পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৪ থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তাঁর সময়েই বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রসীমা নির্ধারণ মামলার নিষ্পত্তি এবং ছিটমহল বিনিময় চুক্তি সম্পন্ন হয়, যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক সাফল্য হিসেবে বিবেচিত।

ব্যক্তিগত জীবন ও শিক্ষা

১৯৪৩ সালের ২ জুন দিনাজপুরের খানসামা উপজেলার ডাক্তারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন আবুল হাসান মাহমুদ আলী।
১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং ১৯৬৪ সালে সেখানে প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৬৬ সালে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দিলেও মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানের পক্ষে না থেকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেন।

২০০১ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন।

এমবি এইচআর