টিটিপাড়ায় চালু ছয় লেনের রেলওয়ে আন্ডারপাস, যানজটের অবসান
মেঘনাবার্তা প্রতিনিধি: রাজধানীর টিটিপাড়ায় চালু হলো ছয় লেনের রেলওয়ে আন্ডারপাস। শনিবার (৮ নভেম্বর) সকালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই আন্ডারপাস, যার ফলে বহুদিনের যানজট ও রেলক্রসিংয়ে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকার দুর্ভোগের অবসান ঘটলো।
উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন আরেক বিশেষ সহকারী শেখ মইন উদ্দিন।
ছয় লেনের এই আন্ডারপাসের মধ্যে চার লেনে চলবে যান্ত্রিক যানবাহন। ৫ মিটার উচ্চতার গাড়ি নির্বিঘ্নে চলাচল করতে পারবে। দুই পাশে রিকশা ও সাইকেলের জন্য আলাদা লেন এবং পথচারীদের জন্য ফুটপাতও রাখা হয়েছে। এখন থেকে রেলের নিচ দিয়ে নিরবচ্ছিন্নভাবে চলাচল করতে পারবে যানবাহন।
দীর্ঘদিন ধরে এলাকাবাসীর অভিযোগ ছিল, ট্রেন এলে টিটিপাড়া রেলক্রসিংয়ে ভয়াবহ যানজট তৈরি হতো। মাত্র আধা কিলোমিটার পথ পেরোতে কখনো কখনো লেগে যেত এক ঘণ্টা পর্যন্ত। ফলে অনেকে খিলগাঁও বা গোলাপবাগ ঘুরে যেতে বাধ্য হতেন।
নতুন আন্ডারপাস চালুর ফলে মতিঝিলের সঙ্গে মুগদা, মান্ডা, মানিক নগর ও সবুজবাগ এলাকার যোগাযোগ অনেক সহজ হবে। তবে স্থানীয়রা বলছেন, স্থাপনাটির সঠিক রক্ষণাবেক্ষণে নজর দিতে হবে, না হলে এই সুবিধা বেশিদিন স্থায়ী হবে না।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্ডারপাসটির যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হবে। তবে কমলাপুর মেট্রোরেল স্টেশনের নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত এই আন্ডারপাসের শতভাগ সুফল পেতে কিছুটা সময় লাগবে।
এমবি/এসআর

