জাহানারা ইমামের বই কেজি দরে বিক্রি করেছে বাংলা একাডেমি; এখন লাখ টাকায় বিক্রির বিজ্ঞাপন
মেঘনাবার্তা প্রতিনিধি: শহীদ জননী জাহানারা ইমামের ব্যক্তিগত সংগ্রহের বই নিলক্ষেতে কেজি দরে বিক্রি — অনলাইনে উঠেছে ‘দুর্লভ’ হিসেবে, কোনোটি বিক্রি হচ্ছে লাখ টাকায়।
বাংলা একাডেমির সংগ্রহে থাকা শহীদ জননী জাহানারা ইমামের ব্যক্তিগত বই বিক্রি হয়ে গেছে কেজি দরে—এমন তথ্য সামাজিকমাধ্যমে প্রকাশিত হওয়ার পর শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।
পুরোনো বই বিক্রির ফেসবুক পেজগুলোতে এখন পাওয়া যাচ্ছে তাঁর সংগ্রহের অন্তত ২০টি বই, যেগুলোর মধ্যে রয়েছে বাংলা একাডেমির সিল ও ‘জাহানারা ইমামের ব্যক্তিগত সংগ্রহ’ লেখা।
সবচেয়ে আলোচিত বই হলো শহীদুল্লা কায়সারের “সংশপ্তক”, যেটি লেখক নিজ হাতে জাহানারা ও শরীফ ইমামকে উপহার দিয়েছিলেন। এই বইয়ের দাম ধরা হয়েছে এক লাখ টাকা, এবং বিক্রি না হলে “সিন্দুকে রাখা হবে” বলে জানিয়েছে বিক্রেতা পেজ বিচিত্র বিচিত্র বই।
বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম জানিয়েছেন, “২০১৪ সালের কমিটি” ডুপ্লিকেট বা অসংরক্ষণযোগ্য বই বিক্রির অনুমোদন দিয়েছিল, এবং সেই তালিকার বইই বিক্রি করা হয়েছে। তবে বাস্তবে দুটি নয়, অন্তত ২০টির বেশি বই এখন বিক্রির তালিকায় পাওয়া যাচ্ছে।
গ্রন্থাগার বিজ্ঞানের বিশেষজ্ঞ ও কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী এ ঘটনাকে বলেছেন “স্পষ্ট অন্যায়”, কারণ বিশিষ্ট ব্যক্তির সংগ্রহশালার বই কোনোভাবেই বিক্রি করা যায় না। সাহিত্যিক আবুল মোমেনও বলেছেন, “এ ধরনের বইয়ের ঐতিহাসিক মূল্য আছে—সংরক্ষণ করাই উচিত ছিল।”
বাংলা একাডেমি এখনো জানাতে পারেনি বিক্রির আগে জাহানারা ইমামের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কি না।গৌরবময় ইতিহাসের সাক্ষ্য বহনকারী জাহানারা ইমামের বই আজ ফুটপাত ও অনলাইনে বিক্রির তালিকায়, আর প্রশ্ন উঠছে — দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় বাংলা একাডেমির ভূমিকা কোথায়?
এমবি/এসআর

