১৬ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বইছে শীতের আমেজ

Nov 9, 2025 - 10:27
 0  2
১৬ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বইছে শীতের আমেজ

মেঘনাবার্তা প্রতিনিধি:

উত্তরের জেলা পঞ্চগড়ে নেমে এসেছে শীতের পূর্বাভাস। হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা ঠান্ডা বাতাস আর হালকা কুয়াশায় ভোর থেকেই শীতের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো জেলায়। রোববার (৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েক দিনের ব্যবধানে পঞ্চগড়ে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। বিশেষ করে পাথর শ্রমিক, রিকশাচালক ও দিনমজুরদের কষ্ট বেড়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, “গত কয়েকদিন ধরেই আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। এখন থেকে তেঁতুলিয়ায় তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।”

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রভাব আরও বাড়বে এবং কিছু অঞ্চলে তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নেমে যেতে পারে।

এমবি/এসআর