আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী

Nov 12, 2025 - 10:24
 0  2
আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী

মেঘনাবার্তা প্রতিনিধি: রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রাজধানীতেই ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে বুধবার (১২ নভেম্বর) সকালে নিশ্চিত করেছেন বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

তিনি জানান, সকাল থেকেই বিজিবি সদস্যরা মাঠে তৎপর রয়েছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কাজ করছেন।

এদিকে আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সহিংসতা ও নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

তবে কড়া নিরাপত্তা সত্ত্বেও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটছে। গত তিন দিনে ঢাকায় ১৪টি গাড়িতে আগুনের ঘটনা ঘটেছে, গত ১১ দিনে রাজধানীতে ককটেল বিস্ফোরণ ঘটেছে ১৭টি। এ ঘটনায় এখন পর্যন্ত ৫০ জনকে গ্রেপ্তার ও ১৭টি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী।

অন্যদিকে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্বৃত্তদের আগুনে এক বাসচালক অঙ্গার হয়ে মারা গেছেন। মানিকগঞ্জে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা ও ঝটিকা মিছিলের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধানমণ্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। যদিও এতে কেউ হতাহত হয়নি।

এ পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ১৩ নভেম্বর ঘিরে প্যাট্রলিং ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা বাহিনী ‘শক্ত অবস্থান’ নিয়েছে।

বেবিচকের নির্দেশনায় বলা হয়েছে, সব বিমানবন্দরে সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি, টহল কার্যক্রম এবং ফায়ার সার্ভেইল্যান্স জোরদার রাখতে হবে, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

এমবি/এসআর