প্রতিদিন তিনজনের বেশি মানুষ অপহরণ, ১০ মাসে মামলা ৯২১

দেশজুড়ে অপহরণ এখন বিচ্ছিন্ন ঘটনা নয়—বরং প্রতিদিনের আতঙ্কের নাম। চলতি বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) সারাদেশে ৯২১টি অপহরণের মামলা রেকর্ড হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে তিনজনের বেশি মানুষ অপহরণের শিকার হয়েছেন।

Nov 14, 2025 - 12:14
 0  2
প্রতিদিন তিনজনের বেশি মানুষ অপহরণ, ১০ মাসে মামলা ৯২১
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

দেশজুড়ে অপহরণ এখন বিচ্ছিন্ন ঘটনা নয়—বরং প্রতিদিনের আতঙ্কের নাম। চলতি বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) সারাদেশে ৯২১টি অপহরণের মামলা রেকর্ড হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে তিনজনের বেশি মানুষ অপহরণের শিকার হয়েছেন। মুক্তিপণ, প্রতিশোধ, প্রেমঘটিত বিরোধ ও ডিজিটাল যোগাযোগের অপব্যবহার এ বৃদ্ধির প্রধান কারণ বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, শুধু অক্টোবর মাসেই হয়েছে ১১০টি অপহরণের মামলা—যা গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ। জানুয়ারিতে ১০৫ জন, ফেব্রুয়ারিতে ৭৮ জন, মার্চে ৮৩ জন, এপ্রিলে ৮৮ জন, মে মাসে ৮২ জন, জুনে ৮০ জন, জুলাইয়ে ৯০ জন, আগস্টে ৯০ জন এবং সেপ্টেম্বরে ৯৬ জন মানুষ অপহৃত হয়েছেন।

গত বছর প্রথম ১০ মাসে অপহরণের সংখ্যা ছিল ৫০১, চলতি বছর একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৯২১—এক বছরে প্রায় দ্বিগুণ। বিশেষজ্ঞদের মতে, এই বৃদ্ধি সামাজিক অবক্ষয়, অর্থনৈতিক অস্থিরতা এবং ডিজিটাল অপরাধ বৃদ্ধির প্রতিফলন। এতে নাগরিকদের নিরাপত্তাবোধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ্লেষণ বলছে, আগে বেশির ভাগ অপহরণ ঘটত রাতের অন্ধকারে; এখন দিনের বেলাতেও অপহরণ বাড়ছে। রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম, ব্যবসায়িক লেনদেন, প্রেমের সম্পর্ক কিংবা প্রতিশোধের ফাঁদে ফেলে অপহরণের ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে পরিবার, আত্মীয় বা প্রতিবেশীর সম্পৃক্ততাও দেখা যাচ্ছে।

সাধারণ মানুষ, বিশেষ করে শিশু-কিশোরদের অভিভাবকেরা ক্রমবর্ধমান অপহরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পুলিশ বলছে, প্রকৃত সংখ্যা রেকর্ডের চেয়েও বেশি হতে পারে; রাজনৈতিক প্রভাব বা সামাজিক চাপে অনেক ঘটনা নথিভুক্ত হয় না।

অপরাধ বিশ্লেষক অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘অপহরণের প্রকৃতি পরিবর্তন হচ্ছে। মুক্তিপণ ছাড়াও প্রতিশোধ, প্রেম-বিবাদ কিংবা ডিজিটাল যোগাযোগের অপব্যবহারে অপহরণ বেড়েছে।’

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, ‘প্রতিটি অপহরণ মামলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। একাধিক অপহরণচক্রকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহজনক যোগাযোগ দেখলে দ্রুত থানায় বা ৯৯৯–এ জানানোর পরামর্শ দিচ্ছি।’

এমবি এইচআর