বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটে এ বিস্ফোরণ হলেও কোনো হতাহত হওয়ার ঘটনা ঘটেনি। ঘটনাস্থলের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটে এ বিস্ফোরণ হলেও কোনো হতাহত হওয়ার ঘটনা ঘটেনি। ঘটনাস্থলের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই মাসুদ পারভেজ জানান, প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের পরই দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। রেলওয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৭টার মধ্যে মিরপুর, হাতিরঝিল ও মৌচাক এলাকায় পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে। কোথাও হতাহতের ঘটনা না ঘটলেও জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।
মিরপুরে প্রথম বিস্ফোরণটি ঘটে বিআরটিএ অফিসের পাশে বিকেল সাড়ে ৫টার দিকে। এরপর রাত সাড়ে ৭টার দিকে মিরপুর ১২ নম্বর মেট্রো স্টেশনের ১৭৯ নম্বর পিলারের কাছে আরও দুটি ককটেল বিস্ফোরিত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
হাতিরঝিলের মধুবাগ ব্রিজে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আরেকটি ককটেল বিস্ফোরণের ফলে সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। তবে হতাহতের ঘটনা ঘটেনি।
এ ছাড়া বিকেল সাড়ে ৪টার দিকে মৌচাক উড়ালসড়ক থেকে নিচে মৌচাক ক্রসিং এলাকায় একটি ককটেল ফেটানো হয়। দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
রাজধানীতে একই দিনে ছয়টি বিস্ফোরণ ঘটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতা বাড়িয়েছে এবং ঘটনার পেছনে থাকা ব্যক্তিদের শনাক্তে কাজ করছে।
এমবি এইচআর

