এবার গ্রামীণ পরিবহনের বাসে আগুন

সাভারের আশুলিয়ায় সোমবার (১৭ নভেম্বর) ভোরে ‘গ্রামীণ পরিবহন’ নামের একটি মিনি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

Nov 17, 2025 - 14:39
 0  5
এবার গ্রামীণ পরিবহনের বাসে আগুন

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় সোমবার (১৭ নভেম্বর) ভোরে ‘গ্রামীণ পরিবহন’ নামের একটি মিনি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বাসের ভেতরের সব আসন পুড়ে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ প্রাথমিকভাবে এই ঘটনায় নাশকতার সম্ভাবনা খতিয়ে দেখছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে যাত্রী পরিবহন শেষে ৩২ সিটের মিনি বাসটি সড়কের পাশে পার্ক করা হয়। ভোররাত পৌনে ৫টার দিকে চালকের সহযোগী বাসটি পরিষ্কার করার পর ফিরে এসে দেখে বাসের ভেতরে ধোঁয়া বের হচ্ছে এবং আসনগুলোতে আগুন লাগছে। আশপাশের লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসচালক মো. পিন্টু জানান, আগুনে সব সিট পুড়ে গেছে এবং প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি অগ্নিসংযোগের চেষ্টা ছিল। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের কাজ চলছে।

এর আগে রোববার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বটতলা এলাকায় আলিফ পরিবহন নামের একটি বাসে একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি।

এমবি/টিআই