ফরিদপুরে আধিপত্য নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক

ফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহিদ মাতুব্বর ও নূরু মাতুব্বর সমর্থকদের মধ্যে দফায় দফায় ভয়াবহ সংঘর্ষে অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন।

Nov 29, 2025 - 13:28
 0  3
ফরিদপুরে আধিপত্য নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহিদ মাতুব্বর ও নূরু মাতুব্বর সমর্থকদের মধ্যে দফায় দফায় ভয়াবহ সংঘর্ষে অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত গট্টি ইউনিয়নের বালিয়া বাজারসংলগ্ন তিনটি স্থানে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে দুই পক্ষই ঢাল, কাতরা, টেটাসহ দেশি অস্ত্রে সজ্জিত হয়ে মাঠে নামে। পরিস্থিতি একপর্যায়ে এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। নারী ও শিশুরা আতঙ্কে নিরাপদ আশ্রয়ের জন্য এদিক–ওদিক ছুটোছুটি করতে থাকে।

এলাকাবাসীর অভিযোগ, সংঘর্ষের সময় অন্তত ২০টি বসতবাড়ি ভাঙচুর করা হয় এবং লুট করা হয় গবাদিপশুসহ মূল্যবান মালামাল। আহতদের মধ্যে অন্তত ৫০ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই জাহিদ মাতুব্বর ও নূরু মাতুব্বর বিএনপিতে যোগ দিয়ে ইউনিয়নে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছেন। এর জেরে গত কয়েক সপ্তাহ ধরেই উত্তেজনা বাড়ছিল, যা শনিবারের সংঘর্ষে রূপ নেয়। গট্টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ এ ঘটনায় জড়িয়ে পড়ে।

এ বিষয়ে দুই পক্ষের প্রধান জাহিদ মাতুব্বর ও নূরু মাতুব্বরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

সালথা থানার ওসি (তদন্ত) কে এম মারুফ হাসান রাসেল বলেন, দীর্ঘ প্রচেষ্টার পর বেলা পৌনে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এমবি এইচআর