নোয়াখালীতে ইলিয়াসের কুশপুত্তলিকা দাহ, মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ
মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে নোয়াখালীতে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের উদ্যোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং কুশপুত্তলিকা দাহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে নোয়াখালীতে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের উদ্যোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং কুশপুত্তলিকা দাহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর বারোটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় ৩০ মিনিটব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। পরে প্রবাসী সাংবাদিক ইলিয়াছ হোসেনের কুশপুত্তলিকায় জুতাপেটা করে আগুন দেওয়া হয়।
এর আগে বেলা সাড়ে ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের পাঁচ রাস্তার মোড়, শিল্পকলা একাডেমি ও পুলিশ সুপার কার্যালয় এলাকা প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধনে অংশ নেয়। এসময় তাদের হাতে ছিল ইলিয়াছের ছবি–সম্বলিত ব্যানার ও পোস্টার; পাশাপাশি ইলিয়াছ ও রাজাকারবিরোধী নানা স্লোগান শোনা যায়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ বি এম ফজলুল হক বাদল, বীর মুক্তিযোদ্ধা মো. ফারুক, মুক্তিযোদ্ধার সন্তান আবু জাফর মোহাম্মদ আলী জনিসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, মহান মুক্তিযুদ্ধ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে ইলিয়াছ হোসেন জাতিকে অপমান করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এবং দেশে এনে বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
এমবি এইচআর

