পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ টহল, তল্লাশি জোরদার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার পরিপ্রেক্ষিতে পঞ্চগড় জেলার সীমান্ত এলাকায় টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Dec 14, 2025 - 17:34
 0  2
পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ টহল, তল্লাশি জোরদার
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার পরিপ্রেক্ষিতে পঞ্চগড় জেলার সীমান্ত এলাকায় টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) রাতে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন এবং আজ রোববার সকালে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোনো দুষ্কৃতকারী যেন সীমান্ত অতিক্রম করে পালিয়ে যেতে না পারে এবং পার্শ্ববর্তী দেশ থেকে কেউ অবৈধভাবে অস্ত্র, গোলাবারুদসহ বাংলাদেশে প্রবেশ করতে না পারে—সে লক্ষ্যে পঞ্চগড় জেলার প্রায় ২৮৮ কিলোমিটার সীমান্তজুড়ে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

এতে আরও বলা হয়, বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াতকারী যাত্রীদের তল্লাশি জোরদার করা হয়েছে। পাশাপাশি ডগ স্কোয়াড মোতায়েন, সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং যানবাহন তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, “আমাদের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে কোনো সন্দেহভাজন ব্যক্তি যেন পার্শ্ববর্তী দেশে পালাতে না পারে এবং কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে, সে জন্য টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।”

এমবি এইচআর