প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: যুক্তরাষ্ট্র প্রবাসীদের তীব্র প্রতিবাদ

যুক্তরাষ্ট্রে বসবাসরত যোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষক এবং গবেষকদের সংগঠন বাংলাদেশি কমিউনিকেশন স্কলার্স ইন নর্থ আমেরিকা (বিসিএসএনএ) প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে সহিংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

Dec 20, 2025 - 15:46
 0  3
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: যুক্তরাষ্ট্র প্রবাসীদের তীব্র প্রতিবাদ
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

যুক্তরাষ্ট্রে বসবাসরত যোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষক এবং গবেষকদের সংগঠন বাংলাদেশি কমিউনিকেশন স্কলার্স ইন নর্থ আমেরিকা (বিসিএসএনএ) প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে সহিংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব।

গতকাল শুক্রবার এক লিখিত প্রতিবাদে বিসিএসএনএ এ হামলাকে বাংলাদেশের সংবাদমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর গুরুতর আঘাত হিসেবে উল্লেখ করে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানায়।

বর্তমানে যুক্তরাষ্ট্রের বার্ড কলেজের যোগাযোগ বিভাগে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক ফাহমিদুল হক প্রথম আলোকে বলেন, “বাংলা সংবাদপত্রের ইতিহাসে ১৮ ডিসেম্বর একটি কালরাত। এই হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত, গণতন্ত্রের ওপর আঘাত।”

বিসিএসএনএ-এর এক লিখিত বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার গভীর রাতে শত শত লোকের একটি দল কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে হামলা চালায়। তারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং সাংবাদিক ও কর্মীদের ভয়ভীতি দেখায়। পরে একই ধরনের হামলা চালানো হয় দ্য ডেইলি স্টারের কার্যালয়ে। এতে রাতের শিফটের কর্মীরা ছাদে আটকা পড়ে জীবনের ঝুঁকিতে পড়েন। হামলার কারণে উভয় পত্রিকাই শুক্রবারের প্রকাশনা বাতিল করতে বাধ্য হয়।

যুক্তরাষ্ট্রে বসবাসরত ৩০ জন বাংলাদেশি গণযোগাযোগ শিক্ষক ও গবেষকের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, এসব হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং স্বাধীন সাংবাদিকতাকে ভয় ও ধ্বংসের মাধ্যমে স্তব্ধ করার একটি সমন্বিত প্রয়াস। দীর্ঘদিন ধরে অনুসন্ধানী সাংবাদিকতা ও সম্পাদকীয় স্বাধীনতায় অবদান রাখা প্রতিষ্ঠান দুটির ওপর হামলা নাগরিকদের জানার অধিকারের ওপর আঘাত।

বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের সময়মতো সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থতা এবং জরুরি সেবা প্রদানে বাধার অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে সরকারের মিডিয়া রিফর্ম কমিশনের সুপারিশ বাস্তবায়নে কোনো অগ্রগতি না থাকায় হতাশা জানানো হয়। সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সরকারের সাংবিধানিক দায়বদ্ধতা পালনের আহ্বান জানানো হয়।

লিখিত বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন বার্ড কলেজের ড. ফাহমিদুল হক, ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ড. আনিস রহমান, ইস্টার্ন নিউ মেক্সিকো ইউনিভার্সিটির ড. মো. খাদিমুল ইসলামসহ আরও অনেকে।

এ ছাড়া আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব এক পৃথক লিখিত বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ওপর এই ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে। বিশেষ করে ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবিরের ওপর হামলাকে একটি বিশেষ মহলের সুপরিকল্পিত এজেন্ডার অংশ বলে উল্লেখ করা হয়।

প্রতিবাদপত্রে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানান যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকেরা।

এমবি এইচআর