হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে একজন আটক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের দলীয় প্রার্থী আবদুল হান্নান মাসউদকে সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মূলহোতা ইসরাত রায়হান অমিকে আটক করেছে পুলিশ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের দলীয় প্রার্থী আবদুল হান্নান মাসউদকে সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মূলহোতা ইসরাত রায়হান অমিকে আটক করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের নন্দ রোড এলাকা থেকে তাকে আটক করে হাতিয়া থানা পুলিশ। আটক ইসরাত রায়হান অমি চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর রাতে আবদুল হান্নান মাসউদের চাচা এবং জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী শামসুল তাব্রিজ হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
জিডিতে উল্লেখ করা হয়, ‘Israt Raihan …’ ও ‘Rupak ….’ নামের দুটি ফেসবুক আইডি থেকে আবদুল হান্নান মাসউদ ও তাঁর সহযোগীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই হুমকির স্ক্রিনশটে দেখা যায়, ইসরাত রায়হান অমি লিখেছেন—
“হান্নান বল আর তানভির বল যেই নেতাই হোক, খোদার কসম করে বললাম, উত্তরাঞ্চলে চলাচল হারাম হয়ে যাবে। আমাদের নেতাকর্মীরা ডাইরেক্ট গিলে খেয়ে ফেলবে। তোর নেতাকে এটা কপি করে পাঠাইস।”
এই ঘটনায় ইসরাত রায়হান অমিসহ আরও ছয়জনের নাম জিডিতে উল্লেখ করা হয়েছে। তারা হলেন—রুপক নন্দী (২৫), সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ (৪৬), প্রেম লাল (২৫), নুর হোসেন রহিম (২৬), বাবুলাল (৩২) ও ওমর ফারুক (৩২)।
হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “পুলিশ এখনও অভিযান চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এমবি এইচআর

