জিয়া উদ্যানে স্বামীর কবরের পাশে দাফনের প্রস্তুতি খালেদা জিয়ার
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তাঁর স্বামী, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জানাজা ও দাফনের চূড়ান্ত সময়সূচি ও স্থান নির্ধারণে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপি যোগাযোগ করছে।
দীর্ঘদিন ধরেই নানা জটিল রোগে ভুগছিলেন খালেদা জিয়া। হৃদ্রোগ, ডায়াবেটিস, কিডনি ও লিভারের জটিলতার পাশাপাশি বয়সজনিত নানা সমস্যায় তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়া হয়। সেখানে চিকিৎসায় তাঁর স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলেও পরবর্তীতে বিভিন্ন রোগের জটিলতায় আবারও অবনতি ঘটে।
সবশেষ গত ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
খালেদা জিয়ার বয়স হয়েছিল ৮০ বছর। বিএনপির রাজনীতিতে তিনি ‘দেশনেত্রী’ ও ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এমবি এইচআর