শেষশ্রদ্ধা জানিয়ে চার ঘণ্টার সফর শেষে ঢাকা ত্যাগ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষশ্রদ্ধা জানিয়ে ঢাকা ছেড়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার সকালে ঢাকায় এসে প্রায় চার ঘণ্টার সংক্ষিপ্ত সফর শেষে বিকেলে তিনি ভারতের চেন্নাইয়ের উদ্দেশে রওনা হন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, চার ঘণ্টার ঝোড়ো সফর শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা ত্যাগ করেছেন। তিনি উল্লেখ করেন, এই সফর বাংলাদেশ–ভারত সম্পর্কের একটি নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে, যা বাস্তবতা ও পারস্পরিক নির্ভরশীলতার প্রেক্ষাপটে স্বার্থভিত্তিক সহযোগিতার দিকে অগ্রসর হতে পারে।
সফরকালে সংসদ ভবনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শোকবার্তা হস্তান্তর করেন। একই সময়ে দুজনের মধ্যে সংক্ষিপ্ত সৌজন্য আলোচনা হয় বলেও কূটনৈতিক সূত্রে জানা গেছে।
এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান এস জয়শঙ্কর। বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তসরকারি সংস্থা ও কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন।
এমবি এইচআর