দুবাই যাওয়ার পথে বিমানবন্দরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত সংগঠন নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনকে দুবাই পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনকে দুবাই পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, গুলি ও হত্যার অভিযোগে তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দুবাই যাওয়ার চেষ্টা করার সময় ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলেও জানা গেছে।
গ্রেপ্তারের বিষয়টি তার পরিবার নিশ্চিত করেছে। শাওনের ভাই ইমরান মাহমুদ বলেন, ‘পারিবারিক ব্যবসার কাজে আজ সকালে আমার ভাই দুবাই যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। ইমিগ্রেশন পুলিশের মাধ্যমেই আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।’
নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, ‘প্রাথমিকভাবে শাহ জালাল আহমেদ শাওনের গ্রেপ্তারের খবর আমরা পেয়েছি। আমাদের একটি টিম ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। যাচাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’
শাহ জালাল আহমেদ শাওন নরসিংদী সদর উপজেলার বানিয়াছল এলাকার আবুল হাসিমের ছেলে। তিনি ২০২২ সালের ৩১ জুলাই নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এবং নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, গুলি ও হত্যার ঘটনায় তার বিরুদ্ধে ছয়টি পৃথক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এমবি এইচআর

