রাকসু নির্বাচনে অভিযোগের ছড়াছড়ি, উপাচার্যের দাবি,“পরিস্থিতি শান্তিপূর্ণ”

Oct 16, 2025 - 11:51
 0  2
রাকসু নির্বাচনে অভিযোগের ছড়াছড়ি, উপাচার্যের দাবি,“পরিস্থিতি শান্তিপূর্ণ”

মেঘনাবার্তা প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চললেও একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রার্থীদের কাছ থেকে। ভোটার তালিকা দেখা থেকে শুরু করে স্বেচ্ছাসেবক নিয়োগে পক্ষপাত—বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত জুবেরী ভবন কেন্দ্র।

ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী শেখ নুর উদ্দিন আবীর অভিযোগ করেন, “আমাদের পোলিং এজেন্টদের ভোটার তালিকা দেখতে দেওয়া হচ্ছে না। শুধু রিটার্নিং কর্মকর্তা সেটি দেখতে পারেন। এটি সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা।”

তিনি জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলামকে অবহিত করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “একজন প্রার্থী আমার কাছে অভিযোগ করেছে। অভিযোগের সত্যতা যাচাই করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

অন্যদিকে স্বতন্ত্র ভিপি প্রার্থী আবদুল্লাহ আল ফাহাদ ভোট শুরুর আগেই অনিয়মের অভিযোগ তোলেন। তার দাবি, “জুবেরী ভবনের দুই কেন্দ্রে শুধুমাত্র কমিউনিটি পুলিশ সদস্যদের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনসিসি বা রোভার স্কাউট কাউকেই রাখা হয়নি। এভাবে নির্বাচন প্রভাবিত হতে পারে।”

তিনি আরও অভিযোগ করেন, “কমিউনিটি পুলিশ সংগঠনের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফেরদৌস ইসলামী ছাত্রশিবির সমর্থিত জোটের প্রার্থী। এতে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ।”

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব ভোটকেন্দ্র পরিদর্শন শেষে বলেন, “রাকসু নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত আমরা আমাদের কমিটমেন্টে শতভাগ সন্তুষ্ট। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

অমোচনীয় কালি প্রসঙ্গে উপাচার্য বলেন, “কালি অবশ্যই উচ্চমানের। কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘষাঘষি করে, সেটি তো উঠবেই।”

নির্বাচন কমিশন জানিয়েছে, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ টিম কাজ করছে এবং অভিযোগ পাওয়া মাত্র তদন্তের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এমবি/এসআর