গণপিটুনি সংঘর্ষ কুপিয়ে হত্যাসহ এক দিনে ১৪ লাশ
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় (শনিবার সন্ধ্যা থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত) অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পিটুনি, সংঘর্ষ, কুপিয়ে হত্যা, পানিতে ডুবে যাওয়া, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ ও আত্মহত্যার মতো ঘটনায় এ মৃত্যুগুলো ঘটে।
রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেল থেকে মার্কিন নাগরিক জ্যাকসন (৫০)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার মৃত্যু স্বাভাবিক। গত বুধবার তিনি যুক্তরাষ্ট্র দূতাবাসের মাধ্যমে হোটেলটিতে ওঠেন। দুই দিন কোনো খাবার অর্ডার না করায় সন্দেহ হলে হোটেল কর্তৃপক্ষ দূতাবাস ও পুলিশকে জানায়। পরে পুলিশ ও দূতাবাসের প্রতিনিধি তার কক্ষে গিয়ে মৃত অবস্থায় পান।
খুলনার খান জাহান আলী (রূপসা) সেতুর নিচ থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু (৬০)-এর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি দৈনিক সংবাদ প্রতিদিন এর সিনিয়র স্টাফ রিপোর্টার ছিলেন। মরদেহের ডান হাত ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে পিবিআই ও সিআইডি তদন্ত করছে। জানা গেছে, বুলুর স্ত্রী এলিজা পারভীন গত ১১ মে নিখোঁজ হন এবং পারিবারিক বিরোধ চলছিল।
কুমিল্লা নগরীতে মা-মেয়ে লুৎফা বেগম (৭০) ও শিল্পী আক্তার (৪০)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লুৎফা বেগমের ছেলে শাহীন ও পুত্রবধূ লাকি আক্তারকে আটক করা হয়েছে। ইপিজেড ফাঁড়ির পরিদর্শক জানিয়েছেন, প্রাথমিক সুরতহালে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, ময়নাতদন্তে মৃত্যুর কারণ জানা যাবে।
এ ছাড়া কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদক–সংক্রান্ত বিরোধে মহরম হোসেন (৩৫) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ।
নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে নবীর আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রাতে স্থানীয়রা তাকে আটক করে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিংড়া পৌর শহরের কাঁটাপুকুরিয়া এলাকায় রিপন কুমার মোদক (২৪) নামে এক ওষুধ কোম্পানির কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া চিরকুটে ব্যক্তিগত হতাশার কথা উল্লেখ ছিল।
নেত্রকোনার মাঝাটি গ্রামে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য দুজাহান মিয়া (৫৫) ও নূর মোহাম্মদ (৩০) নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
চট্টগ্রামের হিলভিউ এলাকায় ছুরিকাঘাতে আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু (৩৪) নিহত হয়েছেন। পুলিশ ধারণা করছে, পুরনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।
মুন্সীগঞ্জের সিরাজদীখানে নদী থেকে আমজাদ ঢালী (৪৫)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বাল্কহেডের ধাক্কায় পানিতে পড়ে তার মৃত্যু হয়। একই জেলার শ্রীনগরের আটপাড়া এলাকায় কৃষক আয়নাল হকের মরদেহও উদ্ধার করেছে পুলিশ। আগের দিন স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর তিনি নিখোঁজ হন।
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে বিপ্লব নামে এক যুবক ডুবে মারা গেছেন। এছাড়া দিনাজপুরের বিরলে দুরারোগ্য ব্যাধিতে ভোগা বৃদ্ধ সবাদ আলী (৭৮) আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
সব মিলিয়ে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ঘটে যাওয়া এসব ঘটনায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে, যা জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
এমবি/এসআর

