মা হতে চলেছেন সোনাক্ষী
মেঘনাবার্তা বিনোদন: মুম্বাইয়ের এক ঝলমলে অনুষ্ঠানে স্বামী জহির ইকবালের সঙ্গে হাত ধরে হাজির হওয়ায় ফের গুঞ্জন ছড়িয়েছে বলিউডে—সোনাক্ষী সিনহা মা হতে চলেছেন কি? মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতের এই অনুষ্ঠানে অভিনেত্রীর পোশাক এবং আচরণই নেটিজেনদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সোনাক্ষী ও জহির গত বছর ২৩ জুন বিবাহিত হন। বিয়ের কয়েক মাসের মধ্যেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। তবে নিজের ভাষ্যে সোনাক্ষী সবসময় এসব খবর উড়িয়ে দিয়েছেন, বলেছেন, ‘আমি কিন্তু অন্তঃসত্ত্বা নই। আমি আসলে মোটা হয়ে গিয়েছি।’ তারপরও, তাঁর অনুরাগীরা বারবার নতুন করে এই গুঞ্জন ছড়িয়ে দেন।
সোমবারের অনুষ্ঠানে সোনাক্ষী পরেছিলেন ঢিলেঢালা সাদা ও লাল মিশ্রিত অনারকলি চুড়িদার। নেটিজেনরা দাবি করছেন, স্ফীত পেট ঢাকার জন্যই এমন ঢিলেঢালা পোশাক বেছে নিয়েছেন তিনি। কপালে লাল টিপ, সিঁথিতে সিঁদুর এবং চোখেমুখে মাতৃত্বের ঔজ্জ্বল্য—এগুলোই নতুন গুঞ্জনের উৎস। জহির ছিলেন কালো শেরওয়ানি ও সাদা পাজামায়, হাতে হাত রেখে অনুষ্ঠানে হাজির ছিলেন তারা।
ভিডিও প্রকাশের পরই অনলাইনে আলোচনা ছড়িয়ে পড়েছে। একজন নেটিজেন লিখেছেন, “সোনাক্ষীকে দেখে সত্যিই মনে হচ্ছে তিনি অন্তঃসত্ত্বা।” অন্য একজন মন্তব্য করেছেন, “ওঁর চোখেমুখের ঔজ্জ্বল্যই সবকিছু বলে দিচ্ছে।”
এখন পর্যন্ত সোনাক্ষী বা জহির এই গুঞ্জনের বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি।
এমবি/এসআর

