স্বীকৃতি দেয়নি বলিউড, এবার খুনের হুমকির মুখে অভিনেত্রী আহনা কুমরা

বলিউডে কাজের স্বীকৃতি না পেলেও সাহসী অবস্থান ও স্পষ্টভাষী মন্তব্যের কারণে আলোচনায় থাকেন অভিনেত্রী আহনা কুমরা। এবার নতুন করে চর্চায় তিনি — কারণ সম্প্রতি পেয়েছেন খুনের হুমকি।

Oct 18, 2025 - 20:33
 0  2
স্বীকৃতি দেয়নি বলিউড, এবার খুনের হুমকির মুখে অভিনেত্রী আহনা কুমরা
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বলিউডে কাজের স্বীকৃতি না পেলেও সাহসী অবস্থান ও স্পষ্টভাষী মন্তব্যের কারণে আলোচনায় থাকেন অভিনেত্রী আহনা কুমরা। এবার নতুন করে চর্চায় তিনি — কারণ সম্প্রতি পেয়েছেন খুনের হুমকি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভোজপুরি অভিনেতা পবন সিংয়ের অনুরাগীরা নাকি সামাজিক যোগাযোগমাধ্যমে আহনাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। বিষয়টি নিয়ে চরম উদ্বেগে রয়েছেন অভিনেত্রী।

জানা গেছে, সম্প্রতি একটি রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এ অংশ নিয়েছিলেন আহনা কুমরা ও পবন সিং। শো চলাকালীন এক পর্যায়ে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। পরে দুজনেই প্রতিযোগিতা ছেড়ে বেরিয়ে যান এবং অনুষ্ঠান ত্যাগের আগে পরস্পরের কাছে ক্ষমা চেয়েছিলেন। তবে সেই ঘটনার রেশ এখনো কাটেনি— পবনের ভক্তরা নানাভাবে আহনাকে হুমকি দিচ্ছেন।

এর আগে #MeToo আন্দোলনের সময় বলিউড পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন আহনা।
এক সাক্ষাৎকারে তিনি জানান, “সাজিদ আমাকে স্পর্শ করেননি, কিন্তু অশালীন প্রশ্ন করছিলেন। আমি তাকে ভয় দেখিয়ে বলেছিলাম— আমার মা পুলিশে চাকরি করেন। এরপরই তিনি চুপ হয়ে যান।”

ছোট পর্দা দিয়ে অভিনয়জীবন শুরু করা আহনা কুমরা নাসিরুদ্দিন শাহের সঙ্গে ‘সোনা স্পা’ ছবিতে বড় পর্দায় অভিষেক করেন। পরে তিনি ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’, ‘সালাম ভেঙ্কি’-র মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়ান।

তবে নানা সময় সাহসী বক্তব্যের কারণে বলিউডের মূলধারায় তিনি অবজ্ঞা ও প্রতিকূলতার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন এই অভিনেত্রী।

এমবি এইচআর