আমাদের ডিভোর্স হয়নি,অভিমান করেছিলাম: মাহিয়া মাহি
মেঘনাবার্তা প্রতিনিধি: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকারের সম্পর্ককে ঘিরে সামাজিক মাধ্যমে নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে। দেড় বছর আগে বিচ্ছেদের কথা জানালেও, শনিবার (১৮ অক্টোবর) মাহি নিজেই বিয়ের খবর নিশ্চিত করেছেন।
মাহির ‘গট ম্যারিড’ পোস্টে দেখা যায়, তিনি মূলত তার দ্বিতীয় স্বামী রাকিব সরকারের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রকাশ করেছেন। পোস্টের পর রাকিব সরকার তার প্রোফাইলে ‘ম্যারিড টু মাহিয়া মাহি’ লিখে আপডেট দেন। মুহূর্তেই নেটিজেনরা শুভেচ্ছা জানান। তবে মজার বিষয়, পোস্টের মন্তব্য ঘরে দুজনের মধ্যে বিয়ের তারিখ নিয়ে হালকা দ্বন্দ্ব দেখা যায়। মাহি মন্তব্য ঘরে লিখেছেন—‘উল্টা পাল্টা কি ডেট দিছো!’ সঙ্গে রাগের ইমোজি ব্যবহার করেছেন।
রাকিবের পোস্ট অনুযায়ী, তাদের বিয়ে হয় ২০২১ সালের ১২ সেপ্টেম্বর, কিন্তু গণমাধ্যমের আগে প্রকাশিত খবর অনুযায়ী তারিখ ছিল ১৩ সেপ্টেম্বর। অনেকে মনে করছেন, বিচ্ছেদের গুঞ্জনকে উড়িয়ে দিতে দুজনই সামাজিক মাধ্যমে পুনরায় সম্পর্কের স্থায়িত্ব প্রকাশ করতে খেলাধুলার মতো মজা করছেন।
মাহি সাম্প্রতিক সাক্ষাৎকারে জানিয়েছে, “আমাদের আসলে ডিভোর্স হয়নি। আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি, নিয়মিত যোগাযোগ হচ্ছে।”
বর্তমানে মাহি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তবে রাকিব সরকারের অবস্থান অজানা। এদিকে হঠাৎ দুজনের একসঙ্গে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মাহি জানিয়েছেন, “ছবিটি আমরা ভারতে তুলেছিলাম, তখন প্রকাশ করা হয়নি। এখন ডিভোর্স নিয়ে বিভ্রান্তি থাকায় ছবিটি পোস্ট করেছি।”
এমবি/এসআর

