‘কাভিশ’ ঢাকায় পৌঁছালেও ভেন্যু অনুমতি না পেয়ে স্থগিত হলো কনসার্ট
পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘কাভিশ’ ঢাকায় পৌঁছালেও নির্ধারিত কনসার্টটি শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ শিরোনামের অনুষ্ঠানটি শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইড এলাকায় হওয়ার কথা ছিল।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘কাভিশ’ ঢাকায় পৌঁছালেও নির্ধারিত কনসার্টটি শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ শিরোনামের অনুষ্ঠানটি শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইড এলাকায় হওয়ার কথা ছিল। তবে ভেন্যুর অনুমতি না পাওয়ায় আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশনস কনসার্টটি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত জানায়।
আয়োজকরা বলেন, পুরো আয়োজন বাতিল হয়নি; দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখ ঘোষণা করা হবে। কাভিশ ছাড়াও এতে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন, মেঘদলসহ আরও কয়েকজন শিল্পীর পারফর্ম করার কথা ছিল।
কাভিশ বৃহস্পতিবার ঢাকায় এসে পৌঁছানোর পর তাদের ছবি সামাজিকমাধ্যমে প্রকাশ করে আয়োজক প্রতিষ্ঠান। কিন্তু পরদিন কনসার্ট স্থগিতের খবর জানিয়ে তারা একটি ভিডিও বার্তাও প্রকাশ করে। ভিডিও বার্তায় ব্যান্ড সদস্যরাও দুঃখ প্রকাশ করেছেন।
আয়োজকদের দাবি, প্রস্তুতি, পারমিশন, ভেন্যু, শিল্পীদের পারিশ্রমিকসহ সবকিছুই প্রস্তুত ছিল। তবে দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠানটি পুনঃনির্ধারণের পরামর্শ দেওয়ায় তাদের সিদ্ধান্ত বদলাতে হয়। তারা ভক্তদের হতাশ না হতে অনুরোধ জানিয়ে বলেন, শুধু সময় পরিবর্তন হচ্ছে—কনসার্ট বাতিল নয়।
এমবি এইচআর

