বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ আর নেই
বলিউডের বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহ আর নেই। শনিবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বলিউডের বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহ আর নেই। শনিবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন এই জনপ্রিয় অভিনেতা।
সতীশ শাহের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। তার ঘনিষ্ঠ বন্ধু ও সহঅভিনেতা জনি লিভার বলেছেন, চার দশকের বন্ধুকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন তিনি। চলচ্চিত্র পরিচালক অশোক পণ্ডিত সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “ইন্ডাস্ট্রির জন্য এটি এক অপূরণীয় ক্ষতি।”
চার দশকের অভিনয় জীবনে সতীশ শাহ উপহার দিয়েছেন বহু স্মরণীয় চরিত্র। ১৯৭৮ সালে ‘অরবিন্দ দেশাই কি আজিব দাস্তান’ ও ১৯৭৯ সালে ‘গমন’ সিনেমায় ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু হয় তার। তবে ১৯৮৩ সালে কুন্দন শাহ পরিচালিত কাল্ট ক্লাসিক ‘জানে ভি দো ইয়ারো’ ছবিতে দুর্নীতিগ্রস্ত পৌর কমিশনার ডি’মেলোর চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন তিনি।
এরপর একে একে তিনি ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘ম্যায় হুঁ না’, ‘কাল হো না হো’, ‘কভি হাঁ কাভি না’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ওম শান্তি ওম’, ‘ফানাহ’ ও ‘আকেলে হাম আকেলে তুম’-এর মতো বহু হিট ছবিতে অভিনয় করেছেন।
টেলিভিশনেও ছিল তার সফল উপস্থিতি। বিশেষ করে ‘সারাভাই বনাম সারাভাই’-এর ইন্দ্র বর্ধন সারাভাই চরিত্রে তার অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। এছাড়া ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’ ও ‘ফিল্মি চক্কর’-এর মতো ধারাবাহিকেও অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হামশকলস’ ছিল তার শেষ চলচ্চিত্র। অভিনয়ের পাশাপাশি ২০০৮ সালে অর্চনা পুরন সিংয়ের সঙ্গে ‘কমেডি সার্কাস’-এর সহবিচারক হিসেবেও কাজ করেছিলেন তিনি।
ব্যক্তিজীবনে সতীশ শাহের স্ত্রী হলেন ডিজাইনার মধু শাহ। অভিনেতার মরদেহ আপাতত হাসপাতালেই রাখা হয়েছে। আগামীকাল (২৬ অক্টোবর) মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে।
এমবি এইচআর

