হোটেল থেকে জায়নামাজ চুরি করেছিলেন পাকিস্তানি অভিনেত্রী
মেঘনাবার্তা প্রতিনিধি: পাকিস্তানের জনপ্রিয় টিভি অভিনেত্রী দুরেফিশান সেলিম এবার আলোচনায় এসেছেন এক খোলামেলা স্বীকারোক্তি ঘিরে। অভিনয়ে দক্ষতা ও সৌন্দর্যে জয় করেছেন কোটি ভক্তের মন, আর এবার নিজের সরল স্বীকারোক্তিতেই হয়েছেন ভাইরাল।
সম্প্রতি একটি টক শোতে অতিথি হয়ে এসে দুরেফিশান জানান, একবার তিনি একটি বিলাসবহুল হোটেল থেকে একটি জায়নামাজ চুরি করেছিলেন। অভিনেত্রীর ভাষায়, ‘জায়নামাজটা ছিল খুব সুন্দর ও নরম, তাই নিতে ইচ্ছে করেছিল।’
তার এই অকপট মন্তব্যে উপস্থিত অতিথি অভিনেতা মিকাল জুলফিকার ও সঞ্চালক নিদা ইয়াসির বিস্মিত হয়ে পড়েন। এরপর জুলফিকার প্রশ্ন করেন, ‘জায়নামাজ চুরি করতে লজ্জা লাগেনি?’
দুরেফিশান জবাবে বলেন, ‘আমি ভেবেছিলাম, আল্লাহ হয়তো আমার ওপর রাগ করবেন না, কারণ আমি তো নামাজ পড়ার জন্যই এটা নিচ্ছি।’
এরপর রসিকতার ছলে জুলফিকার মন্তব্য করেন, ‘তাহলে যারা মসজিদের বাইরে থেকে জুতা চুরি করে, তাদেরও কি ক্ষমা করা উচিত?’ — এ কথা শুনে অনুষ্ঠানের সবাই হাসিতে ফেটে পড়েন।
শোয়ের এই অংশের ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা মজার এই মুহূর্তটিকে “সাহসী ও রসবোধসম্পন্ন” বলে মন্তব্য করছেন, কেউ কেউ আবার অভিনেত্রীর সততা ও সরলতার প্রশংসা করেছেন।
এমবি/এসআর

