নির্বাচন ঘিরে হুমকির অভিযোগ, গানম্যান চাইলেন হিরো আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত। এ ঘোষণা দেওয়ার পর থেকেই তিনি হত্যার হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন।

Dec 23, 2025 - 13:16
 0  2
নির্বাচন ঘিরে হুমকির অভিযোগ, গানম্যান চাইলেন হিরো আলম
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত। এ ঘোষণা দেওয়ার পর থেকেই তিনি হত্যার হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন।

হিরো আলম জানান, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর থেকে বিভিন্নভাবে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

বর্তমান পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে শিগগিরই প্রধান উপদেষ্টার কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন তিনি। ওই আবেদনে ব্যক্তিগত নিরাপত্তার জন্য একজন গানম্যান বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন হিরো আলম।

তিনি আরও জানান, গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টি—এই চারটি রাজনৈতিক দল তাঁর সঙ্গে যোগাযোগ করেছে। তবে কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন, সে বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।

হিরো আলম বলেন, দল যেটিই হোক না কেন, তাঁর মূল লক্ষ্য জনগণের জন্য কাজ করা এবং মানুষের পাশে থাকা। তিনি ঢাকা ও বগুড়া—এই দুটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

রাজনৈতিক অঙ্গনে তাঁর সক্রিয়তা, ধারাবাহিক প্রচারণা এবং বক্তব্য ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। দলীয় প্রতীকে বা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিলে তাঁর রাজনৈতিক যাত্রায় এটি একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এমবি এইচআর