শাহরুখ খানের জন্মদিনে চমক, ঘোষণা এলো নতুন সিনেমা ‘কিং’-এর
মেঘনাবার্তা প্রতিনিধি: বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের জন্য উৎসব। এবার সেই আনন্দ আরও বেড়ে গেল। কারণ, জন্মদিনেই ঘোষণা এলো শাহরুখের নতুন সিনেমা ‘কিং’-এর।
রবিবার সকালে প্রকাশিত হয়েছে ছবিটির এক মিনিট ১৩ সেকেন্ডের অ্যানাউন্সমেন্ট টিজার, যা মুহূর্তেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
টিজার পোস্ট করে শাহরুখ লিখেছেন, “শত দেশে বদনাম হয়েছে, দুনিয়া একটাই নাম দিয়েছে— ‘কিং’। সময় এসে গেছে। দেখা হবে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে।”
টিজারের শুরুতেই শোনা যায় শাহরুখের কণ্ঠ— “কতটা খুন করেছি মনে নাই। ভালো লোক না খারাপ লোক— কখনো জিজ্ঞেস করিনি।” এই সংলাপেই যেন ফিরে এসেছে ‘ডন’, ‘রইস’ আর ‘জওয়ান’-এর সেই তুখোড় ভঙ্গি।
সাদা চুল, দাড়ি আর তীক্ষ্ণ চোখে ফার্স্ট লুকে শাহরুখকে দেখা গেছে এক স্টাইলিশ আভিজাত্যে। ধারণা করা হচ্ছে, ‘কিং’ হবে একেবারে ফুল ফ্লেজড অ্যাকশন ফিল্ম, যেখানে রাজত্ব করবে স্টাইল, থ্রিল আর অ্যাটিটিউড।
ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি ‘পাঠান’ ও ‘ওয়ার’-এর মতো ব্লকবাস্টার উপহার দিয়েছেন। এতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাডুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি ও অভয় ভার্মা। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন শাহরুখকন্যা সুহানা খান।
ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালে।
এমবি/এসআর

