আবারও শাকিব খানের বিরুদ্ধে নকলের অভিযোগ

Nov 9, 2025 - 16:41
 0  3
আবারও শাকিব খানের বিরুদ্ধে নকলের অভিযোগ

মেঘনাবার্তা প্রতিনিধি: ঢালিউডের সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’-এর লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। গত দুদিন ধরে তার নতুন স্টাইল নিয়ে ভক্তরা যেমন প্রশংসায় ভাসাচ্ছেন, ঠিক তেমনি উঠেছে নকলের অভিযোগও।

চলচ্চিত্রপ্রেমীদের অনুসন্ধানী দৃষ্টি বলছে— শাকিবের এই নতুন ‘সোলজার’ লুকটি নাকি ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারনের পুরোনো এক লুকের সঙ্গে হুবহু মিলে গেছে।

পাশাপাশি ছবি রাখলে দেখা যায়, দুজনেরই পোশাকে রয়েছে কালো ডেনিম জ্যাকেট, সাদা সুতার কনট্রাস্ট স্টিচিং, তীক্ষ্ণ গোঁফ, সানগ্লাস ও প্রায় একই ধরনের চুলের স্টাইল। শাকিব পরেছেন এভিয়েটর স্টাইল সানগ্লাস, পৃথ্বীরাজের ছিল টর্টসেল ফ্রেম।

চলতি বছরের মার্চে পৃথ্বীরাজকে এই লুকে দেখা গিয়েছিল তার আলোচিত মালায়ালাম সিনেমা ‘এল টু এমপুরান’-এর প্রচারণায়, যেখানে তিনি অভিনয় করছেন একজন সামরিক কমান্ডারের চরিত্রে, যিনি দুর্নীতিগ্রস্ত সিন্ডিকেটের বিরুদ্ধে লড়েন।

অন্যদিকে, শাকিবের নতুন সিনেমা ‘সোলজার’-এর গল্পেও রয়েছে এক সৈনিকের দুর্নীতির বিরুদ্ধে লড়াই। গল্প ও লুক— দুই ক্ষেত্রেই এই মিলকে ঘিরে প্রশ্ন উঠেছে, শাকিবের নতুন রূপ কি সত্যিই মৌলিক, নাকি দক্ষিণের নায়ক থেকে অনুপ্রাণিত?

এখন ঢালিউডের আড্ডা ও অনলাইন প্ল্যাটফর্মে আলোচনার কেন্দ্রবিন্দু একটাই,“শাকিবের ‘সোলজার’ লুক কাকতালীয়, নাকি পরিকল্পিত অনুকরণ?”

এমবি/এসআর