মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি; টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ
মেঘনাবার্তা প্রতিনিধি:
পরিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার প্রলোভনে ২৭ লাখ টাকা আত্মসাৎ এবং হুমকি-ধামকির অভিযোগে মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে ঢাকার একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
আদালত সূত্রে জানা গেছে, রবিবার (১৬ নভেম্বর) মেহজাবীন ও তার ভাইয়ের আদালতে হাজির হওয়ার জন্য ধরা হয়েছিল। তবে তারা উপস্থিত না হওয়ায় ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর ধার্য করা হয়েছে।
মামলার বিবরণে বলা হয়, বাদীর সঙ্গে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে মেহজাবীন নগদ এবং বিকাশের মাধ্যমে মোট ৭৭ লাখ টাকা প্রলোভন দেখিয়ে গ্রহণ করেন। এরপর ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় টাকা চাইতে গেলে দীর্ঘদিন টালবাহানা করা হয়।
পাওনা টাকা চাইতে গেলে ১১ ফেব্রুয়ারি বিকেলে তারা ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসার অনুরোধ করেন। ঘটনাস্থলে গেলে মেহজাবীন, তার ভাই ও আরও কয়েকজন অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ‘তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না, তোকে বাসার সামনে দেখলে জানে মেরে ফেলব’ বলে হুমকি দেন। এতে বাদী ভয়ভীতি ও জীবননাশের আশঙ্কায় আক্রান্ত হন।
পরবর্তীতে বাদী আমিরুল ইসলাম ভাটারা থানায় গিয়ে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটিকে ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় গ্রহণ করেছে।
এমবি/এসআর

