''আমার ভাইরে দিয়া সালমান শাহকে খুন করাইছে আমার হাজবেন্ড''

Nov 16, 2025 - 15:34
 0  4
''আমার ভাইরে দিয়া সালমান শাহকে খুন করাইছে আমার হাজবেন্ড''

মেঘনাবার্তা প্রতিনিধি:

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘদিনের বিতর্ক আবারও নতুন করে আলোচনায় এসেছে ২০১৭ সালে প্রকাশিত রাবেয়া সুলতানা রুবির একটি ভিডিও ঘিরে। ভিডিওতে রুবি দাবি করেন, সালমান শাহকে হত্যা করা হয়েছে এবং এ হত্যাকাণ্ডে তাঁর নিজের ভাই রুমিও জড়িত ছিল।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ। প্রথমে অপমৃত্যুর মামলা হলেও, সালমানের পরিবার শুরু থেকেই বলে আসছে—এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। পরবর্তীতে রেজভী আহমেদ নামে এক তরুণ আদালতে হত্যার দায় স্বীকার করলে মামলাটি নতুন মোড় নেয়। ওই জবানবন্দির ভিত্তিতে সালমানের মা ১১ জনকে আসামি করে নালিশি মামলা করেন। তালিকায় ছিলেন সালমানের স্ত্রী সামিরা, শাশুড়ি লতিফা হক, আজিজ মোহাম্মদ ভাইসহ বেশ কয়েকজন।

রুবি ওই ভিডিওতে বলেন, তিনি সালমান শাহ হত্যাকাণ্ড সম্পর্কে সব জানেন এবং সুযোগ পেলে আদালতে সাক্ষ্য দিতে প্রস্তুত। ভিডিওতে তিনি দাবি করেন, ‘ইমন আত্মহত্যা করে নাই, খুন করা হইছে। আমার হাজব্যান্ড করাইছে আমার ভাইরে দিয়া… সামিরার ফ্যামিলিও জড়িত।’ আরও দাবি করেন, তাঁর ভাই রুমিও পরে খুন হন এবং তার লাশেও নির্যাতনের চিহ্ন রয়েছে।

তদন্তকারী সংস্থার কর্মকর্তারা জানান, রুবি একসময় সালমানের বাসায় নিয়মিত যাতায়াত করতেন এবং ঘটনার আগে-পরে তাঁর উপস্থিতিও ছিল। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ভিডিওটি প্রকাশের পর তার বক্তব্য কতটা সত্য তা যাচাই করতে হবে বলে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা মন্তব্য করেন।

সালমান শাহর মা নিলুফার চৌধুরী এ ভিডিও প্রকাশের পর বলেন, রুবির বক্তব্য প্রমাণ করে তাঁর ছেলে খুন হয়েছিলেন। তিনি রুবিকে নিরাপত্তা দিয়ে দেশে ফিরিয়ে এনে বক্তব্য নেওয়ার দাবি জানান। একই সঙ্গে মামলার দ্রুত ও সুষ্ঠু তদন্তেরও আহ্বান জানান।

প্রকাশের আট বছর পরও রুবির ভিডিওটি সালমান শাহর মৃত্যুর রহস্যকে আরও জটিল করে তুলেছে। পরিবার ও ভক্তদের প্রত্যাশা—হত্যা না আত্মহত্যা, সত্যটা একদিন পরিষ্কারভাবে সামনে আসুক।

এমবি/এসআর