নেপালে নির্বাচন করবেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া সুদান
বাংলাদেশের মতো নেপালেও আসন্ন নির্বাচনে অংশ নেবেন জেন-জি বিক্ষোভে নেতৃত্ব দেওয়া সুদান গুরুং। তিনি জানিয়েছেন, আগামী নির্বাচনে তিনি প্রার্থী হবেন। খবর আলজাজিরার।
স্টার্ট হিয়ারের সান্দ্রা গাথম্যানকে দেওয়া সাক্ষাৎকারে সুদান জানান, তার দল দেশজুড়ে সমর্থকদের সংগঠিত করছে।
৩৬ বছর বয়সী সুদান গুরুং নেপালের জেন-জি প্রজন্মের নেতৃত্বাধীন এক গণবিক্ষোভের মুখপাত্র হিসেবে পরিচিত। সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার পরই মূলত বিক্ষোভের শুরু।
সুদানের বিশ্বাস, তারা এখন দেশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত।
আন্দোলনের সময় যেভাবে ডিসকর্ড ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছিল, সেগুলোর মাধ্যমেই এখন সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
তিনি জানান, তার লক্ষ্য প্রত্যেক নেপালি নাগরিকের কণ্ঠস্বর নিশ্চিত করা। তবে সুদান গুরুং একক প্রার্থী হিসেবে নন, বরং দলগতভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করছেন।
নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কি না—এমন প্রশ্নে সুদান বলেন, ‘আমি এখনই বলব না যে আমি সঠিক ব্যক্তি। তবে জনগণ যদি আমাকে বেছে নেয়, আমি অবশ্যই প্রার্থী হব।’
এমবি/এসআর

