এমিরেটসের কার্গো উড়োজাহাজ পড়ল সাগরে, নিহত ২

Oct 20, 2025 - 11:37
 0  4
এমিরেটসের কার্গো উড়োজাহাজ পড়ল সাগরে, নিহত ২

মেঘনাবার্তাঃ হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এমিরেটসের একটি কার্গো উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। এতে দুইজন গ্রাউন্ড স্টাফ নিহত হয়েছেন। খবর রয়টার্সের।

সোমবার (২০ অক্টোবর) ভোরে দুবাই থেকে আসা ফ্লাইট ইকে৯৭৮৮ উত্তর দিকের রানওয়েতে অবতরণের সময় একটি নিরাপত্তা বাহনের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার পর গুরুতর আহত দুই গ্রাউন্ড স্টাফকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়; পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানে থাকা চারজন ক্রু সদস্য জীবিত আছেন এবং তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় আবহাওয়া ছিল সম্পূর্ণ স্বাভাবিক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কর্তৃপক্ষ আরও জানায়, অবতরণের সময় উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে বেড়া ভেঙে ফেলে এবং তখনই নিরাপত্তা টহল গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয়। ধাক্কার পরই বিমানটি দুই ভাগে ভেঙে সাগরে পড়ে যায়।

দমকল বিভাগ জানায়, ২১৩ জন কর্মী ও ৪৫টি উদ্ধারযান নিয়ে তৎক্ষণাৎ অভিযান চালানো হয়। ইতোমধ্যে ব্ল্যাক বক্স উদ্ধারের কাজ চলছে।

দুর্ঘটনাকবলিত বোয়িং ৭৪৭-৪৮১ (BDSF) উড়োজাহাজটি প্রায় ৩০ বছর পুরনো। এটি মূলত যাত্রীবাহী বিমান ছিল, পরে কার্গোতে রূপান্তর করা হয়।

এমিরেটস এক বিবৃতিতে জানিয়েছে, উড়োজাহাজটি তাদের নিজস্ব বহরের নয়; এটি এয়ার এসিটি নামের একটি কোম্পানি থেকে ‘ওয়েট লিজ’ চুক্তিতে নেওয়া হয়েছিল। দুর্ঘটনার সময় বিমানে কোনো মালামাল ছিল না এবং সব ক্রু নিরাপদ আছেন বলে নিশ্চিত করা হয়েছে।

এমবি/এসআর