সৌদির অনুরোধে সুদান যুদ্ধ থামাতে ট্রাম্পের উদ্যোগ
মেঘনাবার্তা প্রতিনিধি:
সুদানের চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতায় এগিয়ে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধে তিনি এই উদ্যোগ নেওয়ার কথা জানান বুধবার (১৯ নভেম্বর) ওয়াশিংটনে এক সৌদি-মার্কিন ব্যবসায়িক ফোরামে।
ট্রাম্প বলেন, সুদানের সংঘাত তার পরিকল্পনায় আগে না থাকলেও এখন তিনি বিষয়টির গুরুত্ব উপলব্ধি করছেন। যুবরাজ বিশেষভাবে অনুরোধ করায় দেশটির সঙ্কট সমাধানে তিনি দ্রুত পদক্ষেপ নিতে চান বলেও জানান।
সুদানে ২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে ভয়াবহ সংঘাত চলছে। এতে বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে খুব বেশি অবস্থান না নিলেও সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতি নিশ্চিত করতে ওয়াশিংটনের তৎপরতা বেড়েছে।
সৌদি আরব সুদানের সেনাবাহিনী-সমর্থিত সরকারকে সহায়তা দিচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে, সেনাবাহিনী সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে অস্ত্র সহায়তার অভিযোগ তুললেও আমিরাত তা অস্বীকার করেছে। মার্কিন পক্ষের মতে, দেশটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
ট্রাম্প আরও দাবি করেন, জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক সংকট মোকাবিলায় ভূমিকা রেখেছেন। যদিও তার প্রধান মনোযোগ ছিল গাজা ও ইউক্রেনের পরিস্থিতি ঘিরে। সুদানের বিষয়টি নতুন হলেও তিনি দ্রুত উদ্যোগ নিতে চান বলে জানান।
এই পদক্ষেপকে ট্রাম্প ও সৌদি যুবরাজের ঘনিষ্ঠ সম্পর্কের সাম্প্রতিক প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে। এর আগে মঙ্গলবার যুবরাজকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে স্বাগত জানানো হয়।
এমবি/এসআর

