মানবাধিকার ইস্যুতে তালেবান কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করল অস্ট্রেলিয়া
আফগানিস্তানে নারী ও মেয়েদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তালেবান সরকারের চার কর্মকর্তার ওপর আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
আফগানিস্তানে নারী ও মেয়েদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তালেবান সরকারের চার কর্মকর্তার ওপর আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। শনিবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে জানান, নিষেধাজ্ঞার আওতায় থাকা এসব কর্মকর্তার বিরুদ্ধে নারী শিক্ষা, কর্মসংস্থান, চলাচলের স্বাধীনতা ও জনজীবনে অংশগ্রহণ কঠোরভাবে সীমিত করার অভিযোগ রয়েছে।
তিনি বলেন, এসব কর্মকর্তা তালেবান শাসিত দেশে নারী ও মেয়েদের ওপর নিপীড়ন এবং সুশাসন ও আইনের শাসন ক্ষুণ্ণ করার সঙ্গে জড়িত।
অস্ট্রেলিয়া প্রায় দুই দশক ধরে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর অংশ হিসেবে তালেবানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছিল। তবে ২০২১ সালের আগস্টে আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহার করা হয়।
ক্ষমতায় ফিরে আসার পর থেকেই নারীশিক্ষা নিষেধাজ্ঞা, কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বন্ধসহ নানা পদক্ষেপে সমালোচিত তালেবান সরকার। অস্ট্রেলিয়ার নতুন নীতি কাঠামোর অংশ হিসেবে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যাতে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়ে।
ওং আরও জানান, নতুন নীতিমালা অস্ট্রেলিয়াকে তালেবান কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি আর্থিক নিষেধাজ্ঞা ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের সুযোগ করে দিয়েছে।
তালেবান ক্ষমতায় ফেরার পর মানবিক সংকটে পড়া আফগানিস্তান থেকে হাজারো উদ্বাস্তু—বিশেষত নারী ও শিশু—গ্রহণ করেছে অস্ট্রেলিয়া। বর্তমানে আফগানিস্তানের জনগোষ্ঠীর বড় অংশই মানবিক সহায়তার ওপর নির্ভরশীল হয়ে আছে।
এমবি এইচআর

